সকালে ঘুম থেকে ওঠার পর মুখ শুকিয়ে থাকা, জিভ আঠালো লাগা কিংবা গলা শুকিয়ে যাওয়ার সমস্যা অনেকেরই হয়। মাঝেমধ্যে এমন হওয়া স্বাভাবিক হলেও নিয়মিত এই সমস্যা দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, শরীরে পানিশূন্যতা, ডায়াবেটিস, নির্দিষ্ট কিছু রোগ কিংবা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মুখে লালা উৎপাদন কমে যেতে পারে। এমনকি ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাসও সকালে মুখ শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।
যেসব ওষুধের কারণে মুখ শুকিয়ে যায়
কিছু ওষুধ শরীরে লালা উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। ফলে মুখে পর্যাপ্ত লালা তৈরি হয় না এবং ঘুম থেকে ওঠার পর মুখ শুকনো অনুভূত হয়।
এ ধরনের ওষুধের মধ্যে রয়েছে বিষণ্নতা ও অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কিছু ওষুধ, পারকিনসন রোগের ওষুধ এবং শক্তিশালী ব্যথানাশক। কোনো ওষুধ সেবনের পর নিয়মিত এমন সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বন্ধ করা যাবে না।
বয়স বাড়লে বাড়তে পারে মুখ শুকানোর ঝুঁকি
বয়স বাড়ার সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। যদিও বয়স নিজে মুখ শুকিয়ে যাওয়ার সরাসরি কারণ নয়, তবে বয়স্কদের মধ্যে এ সমস্যার ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে।
এর অন্যতম কারণ হলো ডায়াবেটিস, পানিশূন্যতা ও বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগ। পাশাপাশি বয়স বাড়ার সঙ্গে অনেককে একাধিক ওষুধ সেবন করতে হয়। এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা বাড়াতে পারে।
যেসব রোগের লক্ষণ হতে পারে মুখ শুকিয়ে যাওয়া
মুখ শুকিয়ে যাওয়ার পেছনে কিছু শারীরিক রোগও দায়ী থাকতে পারে। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। এর ফলে শরীরে পানিশূন্যতা তৈরি হয়ে মুখ শুকিয়ে যেতে পারে।
এ ছাড়া পারকিনসন রোগ, সজোগ্রেনস সিনড্রোম এবং এইচআইভি সংক্রমণের কারণেও লালাগ্রন্থির কার্যক্রমে প্রভাব পড়তে পারে। মাথা বা ঘাড়ে আঘাত এবং ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন থেরাপি গ্রহণের কারণেও লালা উৎপাদন কমে যেতে পারে।
দৈনন্দিন যেসব অভ্যাসে মুখ শুকিয়ে যায়
সব সময় রোগের কারণে মুখ শুকিয়ে যায় না। দৈনন্দিন কিছু অভ্যাসও এ সমস্যার জন্য দায়ী হতে পারে। পর্যাপ্ত পানি পান না করা, অতিরিক্ত চা-কফি পান, ধূমপান এবং অ্যালকোহল গ্রহণের ফলে মুখ শুকিয়ে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।
এ ছাড়া ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়া, নাক ডাকা এবং স্লিপ অ্যাপনিয়ার সমস্যাও সকালে মুখ শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে। ঘুমানোর ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হলেও এ সমস্যা দেখা দিতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
মাঝেমধ্যে সকালে মুখ শুকিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নাও হতে পারে। তবে নিয়মিত এমন হলে কিংবা দিনের বেলাতেও মুখ শুকিয়ে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চিকিৎসক রোগীর ব্যবহৃত ওষুধ, শারীরিক অবস্থা এবং অন্যান্য উপসর্গ সম্পর্কে জানতে চাইতে পারেন। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা, লালা উৎপাদনের পরীক্ষা কিংবা লালাগ্রন্থির স্ক্যান করার পরামর্শ দিতে পারেন।
মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা কমাতে যা করবেন
সকালে মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা কমাতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। ঘুমের সময় নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করুন এবং রাতে অতিরিক্ত চা-কফি পান করা থেকে বিরত থাকুন।
পাশাপাশি ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন। প্রয়োজনে চিনি ছাড়া চুইংগাম চিবাতে পারেন, যা লালা উৎপাদনে সহায়তা করে। ঘরের বাতাস শুষ্ক হলে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।
মনে রাখতে হবে, নিয়মিত মুখ শুকিয়ে যাওয়াকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়। এর পেছনে কোনো রোগ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা ঘুমের সমস্যা রয়েছে কি না, তা শনাক্ত করা জরুরি। সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে সম্ভাব্য জটিলতা এড়ানো সম্ভব।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন