অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও নিজের পরিচিতি গড়ে তুলছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে উদ্যোক্তা হিসেবে তাঁর যাত্রা শুরু হয়েছিল ব্যর্থতার মধ্য দিয়ে। প্রথম ব্যবসায়িক অংশীদারত্ব সফল না হলেও সেই অভিজ্ঞতাকেই নিজের বড় শিক্ষা হিসেবে দেখছেন তিনি। সামান্থার মতে, জীবনে সাফল্যের চেয়ে ব্যর্থতা থেকেই তিনি বেশি শিখেছেন।

সম্প্রতি ‘দ্য মাসুম মিনাওয়ালা শো’তে অংশ নিয়ে নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, প্রথম ব্যবসায়িক অংশীদারত্ব সফল হয়নি। তবে সেই অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চান না তিনি। তাঁর বিশ্বাস, শুরুর দিকের কোনো বিনিয়োগ বা প্রকল্প ব্যর্থ হলেও তা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে।

সামান্থার ভাষায়, সাফল্যের তুলনায় ব্যর্থতা মানুষকে অনেক বেশি কিছু শেখায়। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সাফল্য তাঁকে তেমন কিছু শেখাতে পারেনি, যতটা শিখিয়েছে ব্যর্থতা। সেই শিক্ষা পরবর্তী সময়ে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কাজে এসেছে।

আলোচনায় নারী উদ্যোক্তাদের নিয়েও নিজের ভাবনা প্রকাশ করেন সামান্থা। তাঁর মতে, ব্যবসা শুরু করার ক্ষেত্রে নারীদের মধ্যে ভয় তুলনামূলক বেশি কাজ করে। এই ভয় কাটিয়ে উঠতে নারী উদ্যোক্তাদের সঙ্গে কাজ করাকে গুরুত্ব দেন তিনি। এখন পর্যন্ত আট থেকে দশটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন সামান্থা। এর মধ্যে আটটির প্রতিষ্ঠাতাই নারী। তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করাকে নিজের জন্যও শেখার সুযোগ বলে মনে করেন অভিনেত্রী।

ব্যবসার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন সামান্থা। তাঁর সাম্প্রতিক সিনেমা ‘মা ইন্তি বঙ্গারাম’ পরিচালনা করেছেন বিভি নন্দিনী রেড্ডি। প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। তেলুগু চলচ্চিত্রে নারীপ্রধান সিনেমার বক্স অফিস সাফল্য তুলনামূলক কম দেখা গেলেও ছবিটির এই আয় সামান্থার একক ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।