উৎসব কিংবা বিশেষ আয়োজনে পোলাও, বিরিয়ানি, মাংস, ভাজাপোড়া ও মিষ্টির মতো খাবার খেতে গিয়ে অনেকেই অতিরিক্ত খেয়ে ফেলেন। এর ফলে পেটে অস্বস্তি, গ্যাস বা ব্যথা হতে পারে। তবে বেশি খেয়ে পেটে ব্যথা শুরু হলেই সেটিকে সাধারণ বদহজম মনে করা ঠিক নয়। কারণ, পেটের ভেতরে অন্য কোনো সমস্যার কারণেও হঠাৎ তীব্র ব্যথা দেখা দিতে পারে। তাই এমন পরিস্থিতিতে কী করবেন এবং কখন চিকিৎসকের কাছে যাবেন, তা জানা জরুরি।
১. ব্যথা শুরু হলে বিশ্রাম নিন
খাওয়ার পর পেটে অস্বস্তি বা ব্যথা শুরু হলে কিছুক্ষণ বিশ্রাম নিন। তাড়াহুড়ো করে শুয়ে না পড়ে সোজা হয়ে বসুন। অল্প অল্প করে পানি পান করুন। একবারে বেশি পানি পান করা বা আরও খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ব্যথা না কমা পর্যন্ত ভারী খাবার এড়িয়ে চলুন।
২. হালকা ও সহজপাচ্য খাবার খান
পেটে অস্বস্তি থাকলে অল্প পরিমাণে সহজে হজম হয় এমন খাবার খেতে পারেন। অতিরিক্ত তেল, মসলা, চর্বিযুক্ত খাবার ও ভাজাপোড়া এড়িয়ে চলুন। পাশাপাশি কোমল পানীয় এবং অতিরিক্ত চা-কফি পান না করাই ভালো। খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না।
৩. নিজের ইচ্ছায় ওষুধ খাবেন না
পেটে ব্যথা হলেই নিজের ইচ্ছায় ব্যথানাশক বা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া উচিত নয়। কারণ, সব ধরনের পেটব্যথার কারণ এক নয়। ওষুধ খেয়ে সাময়িকভাবে ব্যথা কমলেও মূল সমস্যা থেকে যেতে পারে। ব্যথা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
৪. বিপদের লক্ষণগুলো চিনে রাখুন
পেটের ব্যথা তীব্র হলে, ক্রমেই বাড়তে থাকলে কিংবা দীর্ঘ সময়েও না কমলে অবহেলা করবেন না। বিশেষ করে ব্যথার সঙ্গে বারবার বমি, জ্বর, পেট ফুলে যাওয়া, পেট শক্ত হয়ে যাওয়া, চোখ বা ত্বক হলুদ হওয়া কিংবা পায়খানা ও গ্যাস বন্ধ হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার পরিস্থিতিও জরুরি সতর্কসংকেত।
৫. প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে যান
বিশ্রাম নেওয়ার পরও ব্যথা না কমলে কিংবা স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হলে চিকিৎসকের পরামর্শ নিন। হঠাৎ অসহ্য ব্যথা শুরু হলে বা বিপদের কোনো লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে হাসপাতালে যান। প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করে চিকিৎসক ব্যথার প্রকৃত কারণ নির্ধারণ করবেন।
উৎসবের খাবার উপভোগ করতে গিয়ে অতিরিক্ত খাওয়ার অভ্যাস এড়িয়ে চলাই ভালো। একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খান এবং খাদ্যতালিকায় ভারসাম্য রাখুন। ভোজের পর সামান্য অস্বস্তি হলে বিশ্রাম নেওয়া উপকারী হতে পারে। তবে তীব্র বা স্থায়ী পেটব্যথাকে সাধারণ বদহজম ভেবে অবহেলা করবেন না। সময়মতো চিকিৎসা নেওয়াই সম্ভাব্য জটিলতা এড়ানোর নিরাপদ উপায়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন