কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা ও মানবিক সহায়তা কার্যক্রম দেখতে গেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উচ্চপর্যায়ের একটি ব্রিটিশ প্রতিনিধি দল নিয়ে তিনি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান। সেখানে বিভিন্ন সহায়তা কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি শরণার্থীদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পে পৌঁছানোর পর সোফি প্রথমে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় শরণার্থীদের নিবন্ধন ও প্রয়োজনীয় সেবা দেওয়ার কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।

পরে তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইউনিসেফ পরিচালিত ‘উইমেন ফ্রেন্ডলি স্পেস’ ঘুরে দেখেন। পাশাপাশি রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত একটি লার্নিং সেন্টারও পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নারী ও শিশুদের জন্য কী ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, সে বিষয়েও খোঁজ নেন তিনি।

দুপুরে শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য। তাদের জীবনযাপন, নিরাপত্তা এবং প্রতিদিনের নানা সমস্যার বিষয়ে জানতে চান। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

কমিশনারের ভাষ্য অনুযায়ী, সফরে সোফির বিশেষ আগ্রহের বিষয় ছিল বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা। এ ছাড়া শরণার্থীদের দক্ষতা বাড়ানো ও নেতৃত্ব বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও তিনি ধারণা নিচ্ছেন।

সফরসূচি অনুযায়ী, উখিয়ার ২০ ও ৪ নম্বর রোহিঙ্গা শিবিরে বিভিন্ন সংস্থার মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তার। এসব কার্যক্রমের মাধ্যমে শরণার্থীদের জীবনমান উন্নয়ন, সুরক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার প্রচেষ্টা সম্পর্কে জানবেন ডাচেস অব এডিনবার্গ।