রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। বিস্ফোরণে তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত লেগেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় গাজী মোটরসের পাশের সড়কে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
আহত আদর আলী বাড্ডার আলতাবর নিসা হাইস্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পাস করেছে। তার বাবার নাম উজ্জ্বল চৌধুরী। তাদের গ্রামের বাড়ি বরিশাল সদর থানার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে সে দক্ষিণ বাড্ডার খ/৪৪ নম্বর বাসায় নানাবাড়িতে থাকে।
আদরের বাবা উজ্জ্বল চৌধুরী জানান, ককটেল বিস্ফোরণে আহত হওয়ার পর স্বজনরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রামপুরার চৌধুরীপাড়া এলাকা থেকে ককটেলের আঘাতে আহত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বিস্ফোরণে তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে আদর হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে চিকিৎসাধীন রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন