ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নতুন বাসস্ট্যান্ডে লোকাল বাসটি পার্কিং করে রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় চালক কালাচাঁন বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের ধোঁয়ায় তাঁর শ্বাসকষ্ট শুরু হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, রাতে কালাচাঁন শেখকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন