অসুস্থ বাবাকে খুঁজে পাচ্ছেন না ঢালিউড ও মডেলিং জগতের পরিচিত মুখ অভিনেত্রী মেঘলা মিজান মুক্তা। উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন তাঁর বাবা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। বাবাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছেন মেঘলা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মেঘলা জানান, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে তাঁর বাবা উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হন। রাত ৮টা ৫০ মিনিটে সর্বশেষ তাঁর সঙ্গে ফোনে কথা হয়। এরপর থেকে বাবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। প্রায় সাত ঘণ্টা পার হলেও তিনি বাসায় ফেরেননি।

মেঘলা জানান, তাঁর বাবা ভীষণ অসুস্থ। এ কারণে পরিবারের সদস্যরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় জায়গায় খোঁজ নিয়েও বাবার সন্ধান পাননি তাঁরা।

ইতোমধ্যে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ বাবার ছবি সংশ্লিষ্ট থানা ও বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। এরপরও তাঁর কোনো খোঁজ না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে সহযোগিতা চেয়েছেন অভিনেত্রী।

কেউ তাঁর বাবাকে দেখে থাকলে বা এ বিষয়ে কোনো তথ্য জানলে দ্রুত ০১৮০৬৮৮৭৫৭০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মেঘলা। বাবার সুস্থতা ও নিরাপদে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মেঘলা মুক্তা পরবর্তী সময়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বাংলাদেশের পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।