মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। খবর আল জাজিরার।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, দেশগুলো এখনো যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতার সর্বোচ্চ স্তর ‘লেভেল-৪’-এর আওতাভুক্ত রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের পোস্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের উদ্দেশে দপ্তরটি বলেছে, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’

ছয়টি দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে। এসব দেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ব্যবস্থায় ‘লেভেল-৪’ হলো সর্বোচ্চ ঝুঁকির স্তর। এ সতর্কতা জারি হলে সংশ্লিষ্ট দেশে কোনো কারণেই ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। নিরাপত্তা পরিস্থিতি ও জরুরি সহায়তা পাওয়ার সীমাবদ্ধতার বিষয়গুলো বিবেচনা করেই সাধারণত এ ধরনের সতর্কতা দেওয়া হয়।