ইরানের সঙ্গে চলমান সংঘাতকে সামরিকভাবে প্রায় শেষ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেননি তিনি। বরং পরিস্থিতি বদলালে আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন। তাঁর এই বক্তব্যের পরই তেহরান থেকে পাল্টা প্রতিক্রিয়া এসেছে।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আপাতত নতুন করে বড় ধরনের হামলার প্রয়োজন দেখছেন না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি। একই সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলে সতর্ক করেন।
বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায় নিয়ে তাঁদের কথা হয়েছে। আলোচনাকে ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি।
তবে ট্রাম্পের বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকেই সংকটে ফেলেছে। ওয়াশিংটনকে কাল্পনিক আলোচনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান অচলাবস্থার অবসান চান। পরিস্থিতিকে তিনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছেন। পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, ইরান আলোচনায় বসতে আগ্রহী হলেও কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব ফেলেছে। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য পরিবহনও চাপে রয়েছে। ফলে ট্রাম্পের বক্তব্যে যুদ্ধ শেষের ইঙ্গিত থাকলেও বাস্তবে সংঘাতের স্থায়ী অবসান এখনো নিশ্চিত হয়নি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন