ইরান যুদ্ধ, মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানে হামলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। তার আনা প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে মোট আটটি অভিযোগ তুলে ধরা হয়েছে। খবর আল জাজিরার।
স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশনে অভিযোগগুলো পড়ে শোনান কেনটাকির এই বিদায়ী আইনপ্রণেতা। ম্যাসির অভিযোগ, হেগসেথ বেআইনি নির্দেশ বাস্তবায়ন করেছেন এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের জন্য হুমকি তৈরি করেছেন। এর আগে গত সেপ্টেম্বরে একই অভিযোগে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন তিনি। তবে তখন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ভোট এড়াতে অধিবেশন আগেভাগে শেষ করে দেন।
ম্যাসি হেগসেথকে আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তার ধারণা, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ও হেগসেথের নেতৃত্ব নিয়ে তদন্ত শুরু হতে পারে। তবে হেগসেথ অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। সামরিক অভিযান নিয়ে তদন্ত বা বিতর্ক হলে তিনি তা মোকাবিলা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন।
ম্যাসির প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরান যুদ্ধে ভূমিকা রেখে হেগসেথ সংবিধান লঙ্ঘন করেছেন। এ ছাড়া ইরানের মিনাব শহরের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না নেওয়ার অভিযোগও রয়েছে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ওই হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে প্রায় ১২০ জন শিশু ছিল। ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানে হামলাকেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল বলে দাবি করেছেন ম্যাসি।
হেগসেথের বিরুদ্ধে অন্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ, পেন্টাগনে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করে মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা এবং ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ পরিচালনা। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হেগসেথের পক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্পের দাবি, দুটি যুদ্ধে জয়ী হওয়ার কারণেই হেগসেথ সমালোচনার মুখে পড়েছেন। রুবিও তার কাজের প্রশংসা করলেও ইরান যুদ্ধ যে জনপ্রিয় নয়, তা স্বীকার করেছেন।
প্রস্তাবটি পাস করতে হলে ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন। এরপর সিনেটে হেগসেথকে দোষী সাব্যস্ত করে পদ থেকে সরাতে দুই-তৃতীয়াংশ বা ৬৭টি ভোট লাগবে। বর্তমান রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। তবে জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর হেগসেথের ওপর চাপ বাড়তে পারে। প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস অভিশংসনের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, স্পিকার মাইক জনসন এ উদ্যোগকে রাজনৈতিক কৌশল বলে সমালোচনা করেছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন