রাজধানী ঢাকা ও আশপাশের দুই গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলীয় জেলা গাজীপুর এবং নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। এতে বলা হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা সদস্যরা। পরিস্থিতি বিবেচনায় তারা সতর্ক অবস্থানে থেকে বিভিন্ন এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় রয়েছে ১৪ প্লাটুন সদস্য। রাজধানীর মিরপুর এলাকায় দায়িত্ব পালন করছেন আরও ৩ প্লাটুন। পাশাপাশি নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুধু মাঠপর্যায়ে সদস্য মোতায়েনই নয়, শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে বিভিন্ন এলাকার লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া তথ্য ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য এই নজরদারি ব্যবস্থা চালু রয়েছে। স্থানীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শ্রমিকদের নিরাপত্তা, শিল্পপ্রতিষ্ঠানের সুরক্ষা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখাই এ মোতায়েনের অন্যতম লক্ষ্য। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।