ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের অধ্যায় পেরিয়ে নতুন করে প্রেমের অনুভূতি প্রকাশ করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা জীতু কামাল। ‘বিগ বস বাংলা’র ঘরে সহপ্রতিযোগী সৃজলা গুহের প্রতি তাঁর আগ্রহ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। কয়েক দিন আগে মাইক্রোফোন হাতে সৃজলাকে সরাসরি মনের কথা জানিয়েছিলেন জীতু। এবার কাগজে ‘আই লাভ ইউ’ লিখে সেটি ছুড়ে দিলেন সৃজলার কোলে। তাঁর এমন আচরণে দুজনের সম্পর্ক নিয়ে দর্শকের কৌতূহল আরও বেড়েছে।

২০১৯ সালের ৬ মে অভিনেত্রী নবনীতা দাসকে বিয়ে করেন জীতু। শুরুতে তাঁদের দাম্পত্যজীবন ভালো কাটলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি। ২০২৩ সালের জুনে বিচ্ছেদের ঘোষণা দেন নবনীতা। এরপর বেশ কিছু সময় পেরিয়ে গেছে। সম্প্রতি ‘বিগ বস বাংলা’র প্রতিযোগী হিসেবে নতুন করে আলোচনায় এসেছেন জীতু। আর এই অনুষ্ঠানের মধ্যেই সৃজলার প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ করছেন তিনি।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে জীতু ও সৃজলার ঘনিষ্ঠতা নজরে এসেছে দর্শকের। তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। একপর্যায়ে সৃজলাকে সরাসরি নিজের অনুভূতির কথা জানান জীতু। তবে তাঁর সেই প্রস্তাবে সাড়া দেননি অভিনেত্রী। যদিও এতে দুজনের বন্ধুত্বে কোনো প্রভাব পড়েনি বলে অনুষ্ঠানের দৃশ্য থেকে মনে হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠানের একটি পর্বে দেখা যায়, গার্ডেন এরিয়ায় কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছিলেন জীতু ও সৃজলা। হঠাৎ উঠে দাঁড়ান জীতু। সৃজলার সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর কোলে ছুড়ে দেন একটি কাগজ। পরে দেখা যায়, সেটি দেশলাইয়ের বাক্সের ছেঁড়া অংশ। সেখানে লেখা ছিল, ‘আই লাভ ইউ, উইল ওয়েট ফর ইউ’। অর্থাৎ, ‘আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য অপেক্ষা করব।’

জীতুর এই বার্তা তাঁর অনুভূতির প্রকাশ ঘটালেও সৃজলার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অন্য একটি সম্পর্কে রয়েছেন। তবে সৃজলা নিজে এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি। ফলে তাঁর সম্পর্কের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এদিকে সৃজলার প্রতি জীতুর এমন আগ্রহ নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তাঁর অনুভূতিকে স্বাভাবিকভাবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন, সৃজলার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকার পরও কেন তিনি এভাবে ভালোবাসার কথা জানাচ্ছেন। কারও কারও ধারণা, সৃজলার আচরণে উৎসাহ পেয়েই এমন পদক্ষেপ করছেন জীতু। তবে এ বিষয়ে দুজনের কেউই নতুন করে কোনো মন্তব্য করেননি।