বাংলাদেশে পবিত্র জমাদিউস সানি মাস শুরু হচ্ছে বৃহস্পতিবার (১২ নভেম্বর)। ১৪৪৮ হিজরি সনের এই ষষ্ঠ মাসের চাঁদ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে দেখা যায়নি। ফলে জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার থেকে নতুন মাসের গণনা শুরু হবে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
হিজরি বর্ষপঞ্জির ষষ্ঠ মাস জমাদিউস সানি
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পরের মাস রজব, এরপর শাবান। শাবান মাসের পরই শুরু হয় পবিত্র রমজান। মুসলিমদের কাছে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে পরিচিত।
চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। তাই প্রতিটি মাসের শুরু নির্ধারণে চাঁদ দেখার বিষয়টি গুরুত্বপূর্ণ।
২০২৭ সালে কবে শুরু হতে পারে রমজান?
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৯ ফেব্রুয়ারি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে সাধারণত স্থানীয় চাঁদ দেখার ভিত্তিতে রমজানের প্রথম দিন নির্ধারণ করা হয়।
এ হিসাবে জমাদিউস সানি মাসের শুরু থেকে রমজান আসতে আনুমানিক ৮৯ দিন বাকি থাকবে। তবে রমজান শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত নয়।
জাতীয় চাঁদ দেখা কমিটি শাবান মাসের শেষ দিকে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে পবিত্র রমজান শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন