দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বোমা হামলা, অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের অভিযোগ তুলে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে এসব ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। মঙ্গলবার নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক। কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ। এ সময় মহানগর উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রলীগের বিরুদ্ধে হত্যা, গুম, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। জুলাই বিপ্লবের সময়ও শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ করেন তিনি। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান ছাত্রশিবিরের এই কেন্দ্রীয় নেতা।
তানজির হোসেন জুয়েল আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগকে কোনোভাবেই নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া যাবে না। কোনো ব্যক্তি বা সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের অপরাধে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিলে তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। অপরাধীদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের কোথাও চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তানজির হোসেন জুয়েল। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
বক্তব্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এসব ঘটনার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শুধু ঘটনার পর প্রতিক্রিয়া জানানো নয়, বরং অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীরা যেন ভয়ভীতি ও সহিংসতার বাইরে থেকে নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এর আগে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি টেরিবাজার মোড় ও জামালখান অতিক্রম করে চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন