পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

চট্টগ্রামের পটিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. ফোরকান(২৯) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে পৌরসদরের ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়৷ আহত ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ মো. আবুজাফরের পুত্র এবং পৌরসদরের মুন্সেফ বাজার এলাকায় শাহগদী এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানের মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার (১০ নভেম্বর) রাতেও দোকান বন্ধ করে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ফোরকান। রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাত যুবক তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ৫৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর জানান, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে, নাকি এটি ছিনতাইয়ের ঘটনা-তা তদন্ত করে বের করা প্রয়োজন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।