মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এবং এর প্রভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা মূল্যায়নে আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি। ১৮ নভেম্বর পর্যন্ত চলবে তার এই সফর। এ সময় তিনি মিয়ানমারের চলমান সংঘাত, রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রকাশিত এক বিবৃতিতে সফরের বিষয়টি জানানো হয়। সফরে বাংলাদেশের ওপর মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব বিশেষভাবে মূল্যায়ন করবেন কেলি ই. কারি।

বিবৃতিতে বলা হয়েছে, রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাতের কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতি তার পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হবে। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাপন ও সামগ্রিক অবস্থাও গুরুত্ব পাবে।

জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, কেলি ই. কারির সফর আয়োজনের জন্য তারা প্রস্তুত নয়। ফলে বাংলাদেশ সফরের মধ্য দিয়ে তিনি সীমান্তবর্তী সংকটের প্রভাব সম্পর্কে বিভিন্ন পক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন।

সফরকালে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে। এসব বৈঠক ও পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও পরিস্থিতি সম্পর্কে ধারণা নেবেন তিনি।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর সংবাদ সম্মেলনে নিজের পর্যবেক্ষণ তুলে ধরবেন কেলি ই. কারি। পরবর্তী সময়ে ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।