দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি জং- সুককে বর্তমানে দেখা যাচ্ছে ডিজনি প্লাসের সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’- এ প্রিন্স হেইনরি চরিত্রে। পর্দায় রাজপুত্রের বিলাসবহুল জীবনযাপন ফুটিয়ে তুললেও বাস্তব জীবনেও সম্পদের দিক থেকে বেশ সমৃদ্ধ এই অভিনেতা। দক্ষিণ কোরিয়ার আবাসন খাতে তাঁর বিনিয়োগের আনুমানিক বর্তমান মূল্য ৬৩ বিলিয়ন ওন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩০ কোটি টাকা। তবে এই অঙ্ক তাঁর মোট ব্যক্তিগত সম্পদের নিশ্চিত হিসাব নয়।

দক্ষিণ কোরিয়ার বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম এক্সপোর্টসনিউজের এক প্রতিবেদনে লি জং–সুকের আবাসন সম্পদের বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এক দশকের বেশি আগে তুলনামূলক কম দামে কেনা একটি বিলাসবহুল বাড়ির বর্তমান মূল্য প্রায় পাঁচ গুণ বেড়েছে। আবাসন খাতে সময় বুঝে বিনিয়োগ করায় তাঁর সম্পত্তির মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৫ সালের মার্চে সিউলের অভিজাত হান্নাম–দং এলাকার ইউএন ভিলেজে অবস্থিত লা তেরাসে হান্নাম আবাসন প্রকল্পে একটি বাড়ি কেনেন লি জং–সুক। ২৮৪ বর্গমিটারের ওই বাড়িটি কিনতে তাঁর খরচ হয়েছিল প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ওন। সে সময় বাড়িটির দাম ছিল প্রায় ৩০ লাখ মার্কিন ডলারের সমান। প্রকল্পটির নির্মাতা প্রতিষ্ঠান ডংইয়াং গ্রুপ আর্থিক সংকটে পড়ায় মূল বিক্রয়মূল্যের তুলনায় ৫০ শতাংশের বেশি ছাড়ে সম্পত্তিটি বিক্রি করা হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে একই ধরনের বাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ বিলিয়ন ওন। অর্থাৎ কেনার পর থেকে বাড়িটির দাম বেড়েছে প্রায় ১৫ দশমিক ৭ বিলিয়ন ওন। আগের ক্রয়মূল্যের তুলনায় বর্তমান মূল্য প্রায় ৪ দশমিক ৭ গুণ। প্রতিবেদন অনুযায়ী, বাড়িটির মালিকানা এখনো অভিনেতার কাছেই রয়েছে। এ বিনিয়োগই তাঁর আবাসন সম্পদের মূল্য বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

এরপর ২০১৯ সালে হান্নাম- দং এলাকার আরেকটি অভিজাত আবাসন প্রকল্প নাইন ওয়ান হান্নামে অ্যাপার্টমেন্ট কেনেন এই অভিনেতা। ৩৩৪ বর্গমিটারের অ্যাপার্টমেন্টটির জন্য তিনি ব্যয় করেন প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন ওন। প্রথমে দুই বছর ভাড়া থাকার পর সেটির মালিকানা নেন তিনি। বর্তমানে একই ধরনের অ্যাপার্টমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ বিলিয়ন ওন। আগের বাড়িটির সঙ্গে এই সম্পত্তির মূল্য যোগ করলে দুটি আবাসনের বর্তমান আনুমানিক দাম দাঁড়ায় ৪৭ বিলিয়ন ওন।

এ ছাড়া অন্য সম্পত্তির মূল্য হিসাব করলে লি জং–সুকের আবাসন বিনিয়োগের মোট আনুমানিক মূল্য ৬৩ বিলিয়ন ওন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই অঙ্ককে তাঁর নিশ্চিত নিট সম্পদ বলা যাবে না। কারণ, সম্পত্তিগুলোর সম্ভাব্য বাজারমূল্য ধরে হিসাবটি করা হয়েছে। প্রকৃত বিক্রয়মূল্য, সম্পত্তি কেনার ঋণ কিংবা অন্যান্য দায়দেনা এতে অন্তর্ভুক্ত নয়। ‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’ ও ‘বিগ মাউথ’–এর মতো সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া লি জং–সুক এবার ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এ প্রিন্স হেইনরি চরিত্রে দর্শকদের সামনে এসেছেন।