দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সংসারে ভাঙনের খবর সামনে এসেছে। তৃতীয় স্ত্রী আন্না কোনিদালার সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন তাঁরা। সোমবার (৯ নভেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান পবন ও আন্না।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পবন কল্যাণের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত যৌথ বিবৃতিতে দুজন জানান, জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় একসঙ্গে কাটানোর পর তাঁরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, দাম্পত্য সম্পর্কের সমাপ্তি ঘটলেও তাঁরা ভালো বন্ধু এবং সন্তানদের দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকবেন। সন্তানদের সুখ ও সুস্থতাই তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকবে।
ব্যক্তিগত এই সময়টিতে সবার সহানুভূতি ও সহযোগিতা চেয়ে নিজেদের গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করেছেন তাঁরা। এত দিন পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পবন কল্যাণের তৃতীয় সংসার
পবন কল্যাণের এটি তৃতীয় বিয়ে। ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেন তিনি। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়।
এরপর ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১২ সালে তাঁদের দাম্পত্য জীবনেরও অবসান ঘটে।
পরবর্তী সময়ে ২০১৩ সালে রাশিয়ান বংশোদ্ভূত আন্না লেজনেভাকে বিয়ে করেন এই অভিনেতা। বিয়ের পর আন্না কোনিদালা নামে পরিচিত হন তিনি। এই সংসারেও তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এবার ১৩ বছর পর সেই সম্পর্ক থেকে আলাদা হওয়ার ঘোষণা দিলেন তাঁরা।
সিনেমা থেকে রাজনীতির মাঠে পবন কল্যাণ
অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই পবন কল্যাণ। ১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ সিনেমার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দক্ষিণ ভারতের অন্যতম পরিচিত তারকায় পরিণত হন তিনি।
সিনেমার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন। ২০০৮ সালে বড় ভাই চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির যুব সংগঠন যুবরাজ্যমের সভাপতি হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন। পরে ২০১৪ সালের মার্চে নিজের রাজনৈতিক দল জনসেনা পার্টি গঠন করেন।
২০১৯ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না পেলেও ২০২৪ সালের নির্বাচনে বিজেপি ও তেলুগু দেশম পার্টির সঙ্গে জোট করে উল্লেখযোগ্য সাফল্য পায় জনসেনা। এরপর অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পান পবন কল্যাণ।
পবন কল্যাণ ও আন্না কোনিদালার যৌথ বিবৃতিতে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানানো হলেও এর পেছনের কোনো কারণ উল্লেখ করা হয়নি। তাঁরা সন্তানদের দায়িত্ব যৌথভাবে পালন করবেন বলেও জানিয়েছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন