ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক ডিপজলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর নেই। বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন এই অভিনেতা।

ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

ভাইকে হারানোর কষ্ট প্রকাশ করে ডিপজল আরও লিখেছেন, তাঁর চলে যাওয়ার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। ভাইয়ের স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে আজীবন অমলিন থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন ডিপজল। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

এর ঠিক এক দিন আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভাইয়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন ডিপজল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ছবি প্রকাশ করে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। তখন জানিয়েছিলেন, আনোয়ার হোসেন আফজাল অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছেন।

ঢাকাই চলচ্চিত্রে খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ডিপজল। তবে অভিনয়জীবনের শুরুতে নায়ক হিসেবেই বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন তিনি। ‘সতী কমলা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিষেকের পর ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’ ও ‘ডাকাত’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেন। পরে কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় খলচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নতুন পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনা ও চলচ্চিত্র ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।