তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী আয়োজন শুরুর আগে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে তাঁদের মধ্যে সংক্ষিপ্ত আলাপচারিতাও হয়।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানান।
তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একত্রিত হন। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে অনানুষ্ঠানিকভাবে কথা বলেন।
লাউঞ্জে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এ ছাড়া ওআইসির মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়।
ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক সহযোগিতা বাড়ানো এবং এ বিষয়ে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করা এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের নেতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও রয়েছে। এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে আন্তালিয়ায় পৌঁছান তিনি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন