রাজনৈতিক হয়রানিমূলক মামলা হলে ধর্ষণ ছাড়া হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাজনৈতিক প্রকৃতির মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো পক্ষপাত বা শর্তের সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
২৪ হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার
সংসদে লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলা প্রসঙ্গে তিনি বলেন, ১০ আগস্টের পর এসব মামলার অধিকাংশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। এমনকি যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, সেগুলোও প্রত্যাহার করা হচ্ছে।
রাজনৈতিক হত্যা মামলাও প্রত্যাহারের সুযোগ
সব মামলা প্রত্যাহার না হওয়ার কারণ ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী হিসেবে আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে খালাস পাওয়ার পথ বেছে নিয়েছেন। এ কারণে সব মামলা প্রত্যাহার করা সম্ভব হয়নি।
তবে যাঁদের বিরুদ্ধে এখনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা রয়েছে, তাঁদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান জানান তিনি। আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো মামলা রাজনৈতিক প্রকৃতির হলে হত্যা মামলাও প্রত্যাহার করা হবে। তবে ধর্ষণ মামলা এ সুযোগের বাইরে থাকবে।
সঠিক ফরমে আবেদন না করায় কিছু মামলা ফেরত
মামলা প্রত্যাহারের প্রক্রিয়া বোঝাতে গিয়ে আসাদুজ্জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আসা আবেদনগুলোর মধ্যে ছাত্রশিবিরের মামলাগুলো যথাযথ ফরমে জমা দেওয়ায় প্রত্যাহার করা হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে পাঠানো কয়েকটি আবেদন নির্ধারিত ফরমে না থাকায় ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে তিনি নিজে জামায়াতের নায়েবে আমির ও সাধারণ সম্পাদক গোলাম পরওয়ারকে ফোন করে আবেদনগুলো সঠিক ফরমে জমা দেওয়ার অনুরোধ করেছেন বলে সংসদকে জানান।
দেশে বিচারকের ৩৯৪টি পদ শূন্য
চাঁপাইনবাবগঞ্জে বিচারক সংকট নিয়ে সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৩৯৪টি বিচারকের পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই বিচারকসংকট দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংসদ সদস্যদের মামলার তালিকা প্রকাশের অনুরোধ
অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক তাঁর বিরুদ্ধে থাকা ৮৬টি মামলাসহ সংসদ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তালিকা সংসদে উপস্থাপনের অনুরোধ জানান।
জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় কোনো মামলার গায়ে ‘রাজনৈতিক মামলা’ লেখা থাকে না। এ কারণে রাজনৈতিক হয়রানির শিকার নেতা-কর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।
তিনি জানান, সঠিক ফরমে আবেদন পাওয়া গেলে তা যাচাই করে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন