রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং আশ্রিত জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়গুলো জানান।
বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান তিনি। সংকটের স্থায়ী সমাধান ও প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধও জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন দুই নেতা। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন তারেক রহমান।
জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতেও সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর অংশীদারত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে আগের বৈঠকের প্রসঙ্গ স্মরণ করেন তারেক রহমান। দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি সফলভাবে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান তিনি। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন