বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের উপস্থিতি মানেই বাড়তি আকর্ষণ। বিশেষ করে উৎসবের আয়োজনে তাঁদের পোশাক ও সাজসজ্জা নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। এবারের দীপাবলিতেও ব্যতিক্রম হয়নি। তবে কারিনার সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে গলার বিশাল পান্নার নেকলেস, যার সঙ্গে জড়িয়ে রয়েছে পতৌদি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য।
প্রকাশিত তথ্য অনুযায়ী, কারিনার গলায় থাকা পান্নাটির ওজন ৩০ ক্যারেট। এটি কেবল মূল্যবান অলংকার নয়, বরং পরিবারের উত্তরাধিকার হিসেবে বিবেচিত একটি ঐতিহাসিক রত্ন। ভোপালের শেষ নবাবের কন্যা এবং সাইফ আলি খানের দাদি সাজিদা সুলতানের হাত ধরে পান্নাটি পতৌদি পরিবারের সংগ্রহে আসে। পরে বিয়ের পর পরিবারের পক্ষ থেকে কারিনাকে এটি উপহার দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পান্নার পাশাপাশি কারিনার পোশাকেও ছিল আভিজাত্যের ছাপ। বিখ্যাত ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান পরেছিলেন তিনি। পোশাকটি খাঁটি রুপার সুতো দিয়ে বোনা বলে জানানো হয়েছে। মাথায় ছিল বিশেষ ধরনের পাগড়ি, যাতে যুক্ত করা হয়েছিল প্রায় ২০০ বছরের পুরোনো একটি অ্যান্টিক কলগি। মজার বিষয় হলো, সাইফ আলি খান তাঁর বিয়ের দিন নিজের পাগড়িতেও একই কলগি পরেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কারিনার সাজে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছেন স্টাইলিস্ট রিয়া কাপুর। মেকআপে ছিল পরিমিত আয়োজন। চোখে গাঢ় কাজল এবং ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপস্টিক তাঁর সাজকে দিয়েছে আলাদা মাত্রা। অন্যদিকে কালো কুর্তায় সাইফকেও দেখা গেছে রাজকীয় অবতারে। তাঁদের দুই ছেলে তৈমুর ও জেহের পোশাকেও ছিল উৎসবের ছোঁয়া। তৈমুর পরেছিল সাদা সিল্কের কুর্তা, আর জেহের পরনে ছিল লাল কুর্তা।
সাইফ আলি খানের পারিবারিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে পতৌদি ও ভোপালের নবাবি ইতিহাস। তিনি মনসুর আলি খান পতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে। অন্যদিকে কারিনা কাপুর বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য। দুই পরিবারের ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার তাঁদের জীবনযাপন এবং ফ্যাশনেও প্রতিফলিত হয়।
কারিনা ও সাইফের দীপাবলির সাজ তাই শুধু তারকাদের উৎসবের পোশাকের প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি। পান্নার নেকলেস, পুরোনো কলগি এবং ঐতিহ্যবাহী পোশাকের মধ্য দিয়ে সামনে এসেছে পারিবারিক ইতিহাসের নানা অনুষঙ্গ। আধুনিক ফ্যাশনের সঙ্গে অতীতের স্মৃতিকে মিলিয়ে নেওয়ার এই আয়োজনই তাঁদের সাজকে দিয়েছে আলাদা পরিচিতি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন