ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক লাফে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি। অন্যদিকে, আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন রহমত শাহ। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের কোনো বিভাগে সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রহমত। ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ব্যাটসম্যানদের তালিকায় ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন আফগানিস্তানের এই টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। তাঁর রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৩৫, যা ক্যারিয়ারের সর্বোচ্চ। ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে।
রহমতের এই ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। চলতি বছরে এটি তাঁর দ্বিতীয় শতক। র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে। আফগান ক্রিকেটের জন্য এটি বিশেষ অর্জন, কারণ দেশটির কোনো ক্রিকেটার এর আগে টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দশে উঠতে পারেননি।
শারজায় ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জিম্বাবুয়ের ক্রেইগ আরভিনও। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০৬ রান করে র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়েছেন তিনি। নতুন তালিকায় তাঁর অবস্থান ৪৮তম। অন্যদিকে, চলতি মাসে ওয়ানডে ক্রিকেটেও সাফল্য পেয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ জয়ের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসে দলটি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের তালিকাতেও পরিবর্তন এসেছে। সিরিজে ১৬ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন। তাঁর রেটিং পয়েন্ট এখন ৬৬৫, যা ক্যারিয়ারসেরা।
ওয়েস্ট ইন্ডিজের আরও কয়েকজন ক্রিকেটারও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে যৌথভাবে অষ্টম হয়েছেন জাস্টিন গ্রিভস। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ৪৬ ও ৫১ রানের দুটি ইনিংস খেলার পাশাপাশি একটি উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাটসম্যানদের তালিকায় কাভেম হজ ১২ ধাপ এগিয়ে ৫২তম এবং উইকেটকিপার-ব্যাটসম্যান আমির জাঙ্গু ২৮ ধাপ উন্নতি করে ৬২তম স্থানে উঠেছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন