খুলনা বিভাগ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) রেকর্ড অষ্টম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ষষ্ঠ রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে হাই-স্কোরিং ম্যাচ ড্র করে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়েছে তারা। অন্যদিকে, মিম মোসাদ্দেকের দুর্দান্ত ১৪৫ রানের ইনিংসে চট্টগ্রামের বিপক্ষে হার এড়িয়েছে রংপুর। একই রাউন্ডে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ ব্যাটার জাওয়াদ আবরার। তবে তার শতকও বরিশালকে হার থেকে বাঁচাতে পারেনি।
২০১৯-২০ মৌসুমের পর আবারও এনসিএল ট্রফি পুনরুদ্ধারের অপেক্ষায় খুলনা। রাজশাহীতে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচটি ড্র হওয়ায় শিরোপার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। ছয় ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে খুলনার সংগ্রহ ৩১ পয়েন্ট। শেষ রাউন্ডে ড্র করতে পারলেই নিশ্চিত হবে তাদের শিরোপা।
এমনকি শেষ ম্যাচে হারলেও শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে খুলনার। তবে সে ক্ষেত্রে বোনাস পয়েন্টসহ চট্টগ্রামের জয়ের পথ বন্ধ থাকতে হবে। ছয় ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম এখনো শিরোপার লড়াইয়ে থাকলেও তাদের সামনে কঠিন সমীকরণ। অন্যদিকে, ১৯ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ঢাকা।
ঢাকা-খুলনা ম্যাচের শেষ দিনে নিজেদের প্রথম ইনিংসে আরও ৭৫ রান যোগ করে খুলনা। ঢাকার ৫১৩ রানের জবাবে ঠিক ৫১৩ রানেই অলআউট হয় তারা। শেখ পারভেজ রহমান করেন ৪৬ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আনিসুল ইসলামের ৭৬ ও আশিকুর রহমানের ৫১ রানে দিন পার করে ঢাকা।
এদিকে, চট্টগ্রামের বিপক্ষে রংপুরের হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন মিম মোসাদ্দেক। ইনিংস পরাজয় এড়াতে রংপুরের তখনো প্রয়োজন ছিল ১১১ রান। এমন পরিস্থিতিতে ৩১৭ বল মোকাবিলা করে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার। ষষ্ঠ উইকেটে শিহাব জেমসের সঙ্গে গড়েন ১১৪ রানের গুরুত্বপূর্ণ জুটি।
ম্যাচে অদ্ভুত এক ঘটনারও সাক্ষী হয়েছেন দর্শকরা। হাসান মুরাদের বল ঠেকানোর পর পিচ থেকে হাত দিয়ে বল কুড়াতে গিয়ে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউট হন আবদুল্লাহ আল মামুন। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই আউটের শিকার হলেন তিনি। এদিকে, এবারের লিগে টানা ছয় ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েছেন মিম। তার মোট রান দাঁড়িয়েছে ৭২৭।
বগুড়ায় রাজশাহীকে ২৯৮ রানে হারিয়েছে সিলেট বিভাগ। জয়ের জন্য ৪৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৫ রানে অলআউট হয় রাজশাহী। মেহেরব হোসেন ৯১ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে পরাজয় থেকে বাঁচাতে পারেননি। সিলেটের হয়ে নাসুম আহমেদ ৭২ রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট। দুই ইনিংল মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পারফরম্যান্স গড়েছেন এই বাঁহাতি স্পিনার।
অন্যদিকে, চট্টগ্রামে বরিশালের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে ময়মনসিংহ। বরিশালের হয়ে জাওয়াদ আবরার ২৪৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি। মোহাম্মদ আবদুল্লাহ করেন ৫২ রান। তবে তাদের প্রচেষ্টা সত্ত্বেও শেষ ইনিংসে মাত্র ২৭ রানের লক্ষ্য পায় ময়মনসিংহ। সহজেই সেই লক্ষ্য পেরিয়ে ছয় ম্যাচে প্রথম জয়ের দেখা পায় তারা। ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে ময়মনসিংহ। আর মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বরিশাল।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন