দীর্ঘ সময় ধরে দর্শকদের হাসি-আনন্দের সঙ্গী হয়ে থাকা জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং শেষ হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হলো নাটকটির দীর্ঘ পথচলার একটি অধ্যায়। বিদায়ের এই সময়ে পুরোনো দিনের স্মৃতি মনে করে আবেগঘন বার্তা দিয়েছেন কাবিলা চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল হক পলাশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাটকটির শুরুর সময়ের স্মৃতিচারণ করেন পলাশ। রাজধানীর লালমাটিয়ার পরিচিত রাস্তা, গাছতলা আর বিকেলের পরিবেশ তাঁকে ফিরিয়ে নিয়ে যায় প্রায় নয় বছর আগের দিনগুলোতে। সেখান থেকেই যেন শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গল্প।
পোস্টে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, এই গাছতলা, এই চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত!’ শুরুর সেই সময় থেকে ধীরে ধীরে নাটকটির বড় হয়ে ওঠা এবং এর সঙ্গে নিজের জীবনের পরিবর্তনের কথাও তুলে ধরেছেন তিনি।
অভিনেতার ভাষায়, সময়ের সঙ্গে ঋতু বদলেছে, মানুষ বদলেছে, বদলে গেছে চারপাশের অনেক কিছু। কিন্তু ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো রয়ে গেছে। অসংখ্য সকাল, রাত, আনন্দ, অভিমান ও সহকর্মীদের সঙ্গে কাটানো মুহূর্ত মিলিয়ে নাটকটি কখন যে তাঁর জীবনের অংশ হয়ে উঠেছে, তা বুঝতেই পারেননি।
বিদায়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পলাশ প্রশ্ন রেখেছেন, এত বছরের স্মৃতি কোথায় রাখবেন, কীভাবে কয়েকটি বাক্যে তুলে ধরবেন এই দীর্ঘ পথচলার অনুভূতি। তাঁর লেখায় উঠে এসেছে শুটিং শেষ হওয়ার পরও কিছু জায়গা ও মুহূর্তের স্মৃতি থেকে যাওয়ার কথা। পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।’
নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে কাবিলা চরিত্রে জিয়াউল হক পলাশের অভিনয়, সংলাপ বলার ধরন ও হাস্যরসাত্মক উপস্থিতি তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়। দীর্ঘ সময় ধরে দর্শকের ভালোবাসা পাওয়া এই ধারাবাহিকের বিদায় তাই অভিনেতার পাশাপাশি ভক্তদের মনেও তৈরি করেছে নস্টালজিয়া।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন