খুন, রহস্য, প্রতিশোধ আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন কলকাতার পরিচালক অর্জুন দত্ত। তাঁর নতুন থ্রিলার সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
পাহাড়ি পরিবেশে একটি আনন্দ আয়োজনকে কেন্দ্র করে এগোবে সিনেমার গল্প। আয়োজনের মাঝেই হঠাৎ আসে একটি অস্বস্তিকর বার্তা। এরপর বদলে যায় পুরো পরিস্থিতি। একের পর এক রহস্য সামনে আসতে থাকে। কে খুনি, কেন ঘটেছে হত্যাকাণ্ড এবং এর পেছনে কার কী ভূমিকা, সেসব প্রশ্নের উত্তর খুঁজবে সিনেমার কাহিনি।
প্রথমবার থ্রিলার নির্মাণ করছেন অর্জুন দত্ত
‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’ সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন পরিচালক অর্জুন দত্ত। তাঁর পরিচালিত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।
আগের সিনেমাগুলোতে সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন তিনি। তবে এবারই প্রথম থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণ করছেন এই পরিচালক।
এ প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, ‘আমার সব সিনেমায় সম্পর্কের নানা দিক উঠে এসেছে। তবে প্রতিটি সিনেমাই আলাদা। পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের। অবশেষে সেই সুযোগ হলো।’
তারকাবহরে থাকছেন যারা
জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও ‘আরএসভিপি মার্ডার’ সিনেমায় অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীপ্সা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝা।
বড় তারকাবহর নিয়ে সিনেমা নির্মাণ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এ ধরনের সিনেমায় গল্পের বাঁধন খুব জরুরি। তা না হলে পুরো বিষয়টিই নষ্ট হয়ে যেতে পারে।’
নভেম্বরের শেষ দিকে শুরু শুটিং
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অর্জুন দত্ত ও আশীর্বাদ মৈত্র। প্রযোজনায় রয়েছে অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন রূপম গোস্বামী।
সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে আছেন সুপ্রতিম ভোল এবং সম্পাদনা করবেন সুজয় দত্ত রায়।
সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে। জয়া আহসান ও শ্রাবন্তীকে প্রথমবার একই সিনেমায় দেখার অপেক্ষায় রয়েছেন দুই বাংলার দর্শকরা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন