ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর নতুন জেমস বন্ড কে হচ্ছেন, তা নিয়ে হলিউডে জল্পনা যেন থামছেই না। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ ছবির মাধ্যমে ০০৭ চরিত্রে শেষবার দেখা গিয়েছিল ক্রেগকে। এরপর থেকে নতুন বন্ড খুঁজছে সংশ্লিষ্ট স্টুডিও। এবার সম্ভাব্য তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন হলিউডের দুই পরিচিত মুখ রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট।

ভ্যারাইটির ৯ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যাটিনসন ও হল্ট গোপনে স্ক্রিন টেস্টে অংশ নিয়েছেন। এর আগে ক্যালাম টার্নার, জ্যাক লোডেন ও জশ ও’কনরকে ঘিরে আলোচনা চলছিল। ফলে নতুন বন্ড হওয়ার প্রতিযোগিতায় এখন অন্তত পাঁচ অভিনেতার নাম সামনে এসেছে। তবে এ বিষয়ে অ্যামাজন এমজিএম স্টুডিওস আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা প্রকাশ করেনি।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ক্যালাম টার্নারকে ঘিরে আগ্রহ তুলনামূলক বেশি। ‘ফ্যান্টাস্টিক বিস্টস’, ‘দ্য বয়েজ ইন দ্য বোট’ ও ‘মাস্টার্স অব দ্য এয়ার’-এর মতো কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন ৩৬ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা। সাবেক বন্ড তারকা পিয়ার্স ব্রসনানও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। টার্নারের ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতি তাঁকে আলোচনার কেন্দ্রে রেখেছে।

অন্যদিকে, ‘স্লো হর্সেস’ সিরিজে অভিনয়ের সুবাদে জ্যাক লোডেনও সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় রয়েছেন। সহশিল্পী গ্যারি ওল্ডম্যানের একটি মন্তব্যকে অনেকে নতুন বন্ড নির্বাচন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখেছেন। ‘দ্য ক্রাউন’ ও ‘চ্যালেঞ্জার্স’-এর অভিনেতা জশ ও’কনরও প্রতিযোগিতায় রয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। তবে তাঁদের কারও নির্বাচন নিশ্চিত নয়।

নতুন করে আলোচনায় আসা রবার্ট প্যাটিনসন ‘টোয়াইলাইট’, ‘দ্য ব্যাটম্যান’ ও ‘টেনেট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে নিকোলাস হল্ট পরিচিত ‘এক্স-ম্যান’ সিরিজ, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ও ‘সুপারম্যান’-এর মতো কাজের জন্য। দুজনেরই অ্যাকশন ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। তবে স্ক্রিন টেস্টের খবর সত্য হলেও তা চূড়ান্ত নির্বাচনের নিশ্চয়তা দেয় না।

এদিকে নতুন বন্ড ছবিটি পরিচালনা করছেন ডেনিস ভিলনভ এবং চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। প্রযোজনায় রয়েছেন অ্যামি প্যাসকাল ও ডেভিড হেইম্যান। নতুন ছবির শুটিং ২০২৭ সালে শুরু এবং ২০২৮ সালে মুক্তির সম্ভাবনার কথা বিভিন্ন প্রতিবেদনে এসেছে। তবে নতুন অভিনেতার নাম কিংবা ছবির সময়সূচি- কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।