সন্তানকে সঠিক পথে বড় করে তোলা প্রত্যেক মা- বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু বারবার বকাঝকা করেও অনেক সময় শিশুর আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না। বরং অতিরিক্ত শাসনে সন্তানের সঙ্গে অভিভাবকের দূরত্ব তৈরি হতে পারে। ইসলামি শিক্ষায় সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে ভালোবাসা, ধৈর্য, আদর্শ আচরণ ও সুন্দর উপদেশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে পাওয়া যায় এমন কিছু শিক্ষা, যা সন্তানের নৈতিকতা ও ব্যক্তিত্ব বিকাশে অভিভাবকদের পথ দেখাতে পারে।

১. নিজের আচরণ দিয়ে শিক্ষা দিন:

শিশুরা বড়দের কথা শোনার পাশাপাশি তাঁদের কাজও গভীরভাবে পর্যবেক্ষণ করে। তাই সন্তানকে সত্যবাদী, দায়িত্বশীল ও সময়নিষ্ঠ হতে শেখাতে হলে অভিভাবকদের নিজেদের জীবনেও এসব গুণের চর্চা করতে হবে। আল্লাহ তাআলা সুরা সফের ২ ও ৩ নম্বর আয়াতে এমন কথা বলতে নিষেধ করেছেন, যা মানুষ নিজে পালন করে না। অর্থাৎ উপদেশ দেওয়ার আগে নিজের আচরণে তার প্রতিফলন ঘটানো জরুরি।

২. সন্তানের আত্মবিশ্বাস বাড়ান:

শিশুর ভুল হলেই তাকে অপমান বা ভয় দেখানো উচিত নয়। বরং তার কথা মন দিয়ে শুনে ভুল সংশোধনের সুযোগ দিতে হবে। ইতিবাচক কথা ও উৎসাহ শিশুর মনে আত্মবিশ্বাস তৈরি করে। মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা সহজ করো, কঠিন করো না; সুসংবাদ দাও, বিতৃষ্ণা তৈরি করে দূরে ঠেলে দিয়ো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৯১)। এই শিক্ষা সন্তানকে বোঝানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

৩. সবার সামনে অপমান না করে ভুল শুধরে দিন:

সন্তান কোনো ভুল করলে অন্যদের সামনে ধমক দেওয়া বা ছোট করা তার আত্মসম্মানে আঘাত করতে পারে। বরং একান্তে শান্তভাবে বুঝিয়ে বলুন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, কারও অপছন্দনীয় কাজের খবর পেলে নবীজি (সা.) অনেক সময় সরাসরি ব্যক্তির নাম উল্লেখ না করে সাধারণভাবে বিষয়টি তুলে ধরতেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৭৮৮)। এ থেকে বোঝা যায়, কাউকে অপমান না করে ভুল সংশোধনের সুযোগ দেওয়া উত্তম।

৪. নিজের ভুল স্বীকার করতে শিখুন:

সন্তানের সামনে অভিভাবক সব সময় নির্ভুল- এমন ধারণা তৈরি করা প্রয়োজন নেই। বরং নিজের কোনো ভুল হলে তা স্বীকার করুন এবং সংশোধনের চেষ্টা করুন। এতে সন্তানও নিজের ভুল মেনে নেওয়ার মানসিকতা অর্জন করবে। মহানবী (সা.) বিনয়ের গুরুত্ব তুলে ধরে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮৮)। তাই পরিবারে বিনয় ও পরস্পরের প্রতি সম্মান চর্চা করা জরুরি।

৫. প্রতিশ্রুতি রক্ষা ও ন্যায়বিচার শেখান:

সন্তানকে কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করার চেষ্টা করুন। অকারণে মিথ্যা আশ্বাস দিলে শিশুর কাছে অভিভাবকের কথার গুরুত্ব কমে যেতে পারে। আবদুল্লাহ ইবনে আমির (রা.)-এর বর্ণনায় রয়েছে, তাঁর মা তাঁকে কিছু দেওয়ার কথা বললে নবীজি (সা.) বিষয়টি জানতে চান। তিনি সতর্ক করেন, কিছু না দেওয়ার ইচ্ছা থাকলে এমন প্রতিশ্রুতি দেওয়া মিথ্যা হিসেবে গণ্য হতে পারে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৯১)। একই সঙ্গে সন্তানদের মধ্যে ন্যায়বিচার করতেও তিনি নির্দেশ দিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস: ২৫৮৭)।

৬. ছোটবেলা থেকেই ভালো শিক্ষা দিন:

সন্তানকে বয়স অনুযায়ী নামাজ, সততা, শিষ্টাচার ও দায়িত্ববোধ শেখানো প্রয়োজন। শুধু মুখস্থ করানো নয়, এসব শিক্ষার অর্থ ও বাস্তব প্রয়োগও বুঝিয়ে দিন। মহানবী (সা.) শিশুদের সাত বছর বয়স থেকে নামাজের নির্দেশ দেওয়ার কথা বলেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫)। আবার কিশোর আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে তিনি আল্লাহর বিধান মেনে চলা ও আল্লাহর ওপর ভরসা রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন। (সুনানে তিরমিজি, হাদিস: ২৫১৬)।

৭. দৈনন্দিন ঘটনাকে শিক্ষার সুযোগ করুন:

শিশুকে আদব-কায়দা শেখানোর জন্য সব সময় আলাদা করে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। খাওয়াদাওয়া, চলাফেরা কিংবা অন্যের সঙ্গে কথা বলার সময় ছোট ছোট বিষয় বুঝিয়ে বলা যায়। একবার শিশু ওমর ইবনে আবি সালামাহ (রা.) খাবারের পাত্রের বিভিন্ন দিক থেকে খাচ্ছিলেন। তখন মহানবী (সা.) তাঁকে বিসমিল্লাহ বলতে, ডান হাতে খেতে এবং নিজের সামনে থেকে খেতে নির্দেশ দেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৩৭৬)। এ ঘটনা থেকে বোঝা যায়, দৈনন্দিন কাজের মধ্য দিয়েও শিশুকে সুন্দর আচরণ শেখানো সম্ভব।

সন্তানের চরিত্র গঠন এক দিনের কাজ নয়। ধৈর্য, ভালোবাসা, নিয়মিত দিকনির্দেশনা এবং অভিভাবকের নিজের সুন্দর আচরণের মধ্য দিয়েই শিশুর মধ্যে নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। তাই শুধু শাসন বা উপদেশের ওপর নির্ভর না করে সন্তানকে বোঝার চেষ্টা করুন, তার কথা শুনুন এবং ভুল থেকে শেখার সুযোগ দিন। মহানবী (সা.)-এর জীবন থেকে পাওয়া এসব শিক্ষা পরিবারে চর্চা করলে সন্তানকে সুন্দর মূল্যবোধে বড় করে তোলার পথ সহজ হতে পারে।