‘জাতির ক্রান্তিকালে সবসময় দেশকে উদ্ধার করেছে জিয়া পরিবার’ বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে উপাচার্য বলেন, ১৯৭১ সালে দেশের সংকটময় পরিস্থিতিতে জিয়াউর রহমান জীবনের মায়া ত্যাগ করে দেশবাসীর আকাঙ্ক্ষাকে ধারণ করে বিদ্রোহ করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় স্বাধীনতার ঘোষণা ও রাজনৈতিক সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে এবং সেনাবাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়লে জিয়াউর রহমান ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। তবে তিনি নিজে রাষ্ট্রপতির দায়িত্ব না নিয়ে অন্য একজনকে সেই দায়িত্ব দিয়েছিলেন বলেও উল্লেখ করেন উপাচার্য।
অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, স্বৈরশাসনের নয় বছরের শাসনামলে দেশ সংকটের মুখে পড়লে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশকে উদ্ধারে ভূমিকা রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ছাত্রদলের আলোচনা সভায় শিক্ষক ও নেতাকর্মীরা
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার)। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন