এশিয়ায় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, সাশ্রয়ী বিদ্যুৎপ্রাপ্তি এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রতিনিধি শরীফ জামিল। তার মতে, জ্বালানি রূপান্তরের নামে এমন কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া উচিত নয়, যা স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর একটি সাইড ইভেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘দ্য রোল অব চায়না ইন গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’ শীর্ষক এ আয়োজনে এশিয়ায় সবুজ শিল্পায়ন ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শরীফ জামিল বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী চীন। প্রযুক্তি ও অর্থায়নের ক্ষেত্রে দেশটির সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। তবে এ ধরনের অংশীদারত্বের আওতায় নেওয়া প্রকল্পগুলো হতে হবে স্বচ্ছ, বিকেন্দ্রীভূত ও গণতান্ত্রিক। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, জ্বালানিসুবিধাবঞ্চিত ও জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের জন্য নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করা জরুরি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, জীবিকা ও প্রাকৃতিক প্রতিবেশ রক্ষার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
আলোচনায় ভারতের সামাতা এবং মাইনস, মিনারেলস অ্যান্ড পিপল-এর প্রতিনিধি রবি রেবাপ্রগাদা বলেন, সবুজ শিল্পায়নের নামে পুরোনো শোষণমূলক উন্নয়ন মডেল ফিরিয়ে আনা যাবে না। জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে যেকোনো অংশীদারত্বে স্থানীয় মানুষের সম্মতি, অর্থনৈতিক সুফল এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য ন্যায্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রকল্পের স্বাধীন তদারকি ও ক্ষতিগ্রস্তদের প্রতিকার পাওয়ার ব্যবস্থাও থাকা প্রয়োজন।
ফিলিপাইনের মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক ইয়ান রিভেরা নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির তুলনামূলক কম ব্যয়ের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বড় অবকাঠামোভিত্তিক প্রকল্পের পরিবর্তে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে ছোট পরিসরের উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এ ধরনের প্রকল্প বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চীন নেতৃত্ব দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সাইড ইভেন্টে চীনের সবুজ শিল্পায়ন উদ্যোগ, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির বিস্তার এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে উন্নয়ন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ফিলিপাইনের নাগরিক সমাজ এবং জলবায়ু আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা তৈরির প্রয়োজনীয়তাও উঠে আসে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন