দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুরে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সুরক্ষা এবং পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)-এর বাস্তবায়নে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ড. শাহারিয়ার হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন এসডোর কো-অর্ডিনেটর খলিলুর রহমান ও সিনিয়র রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাসোসিয়েট ডা. ফয়জুন নাহার।

বক্তব্য দেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুররুল আনাম, যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী, দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক ও এসডোর লোকাল কো-অর্ডিনেটর জিনাত রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্রাঞ্চ ম্যানেজার শাহ মো. আবুসালেহ, ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান রুপম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মিতা জাহান এবং এসডোর প্রজেক্ট অ্যাসোসিয়েট নিলুফা ইয়াসমিন। সমাপনী বক্তব্য দেন এসডোর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা।

বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ পরিবর্তনের সূচনা হওয়া উচিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই। তরুণ প্রজন্ম সচেতন হলে দ্রুত প্লাস্টিকমুক্ত সমাজ গঠন সম্ভব।

তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিকমুক্ত করার এ উদ্যোগ ধারাবাহিকভাবে আরও বিস্তৃত করতে হবে। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের ব্যাগ ও ধাতব পাত্র ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

কর্মসূচিতে শিক্ষক, ছাত্রী, এসডোর কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক বিষয় উপস্থাপন করা হয়।

আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হবে।