চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম হাশিমপুর পূর্ব নাছির মোহাম্মদ পাড়া এলাকায় গ্রামীণ সড়কের কালভার্ট ভেঙে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, বন বিভাগের বরগুনি বিট কার্যালয়ের পর সড়কে নির্মিত কালভার্টটির ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে গেছে। সৃষ্টি হয়েছে বড় গর্তের। ফলে টমটম, মোটরসাইকেল ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

চন্দনাইশে ভাঙা কালভার্টে স্থানীয়দের চলাচলে দুর্ভোগ
ঝুঁকিপূর্ণ কালভার্টের কারণে কৃষক, শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ে অবৈধভাবে মাটি, বালু ও গাছ কাটার কাজে ব্যবহৃত ভারী ট্রাক চলাচলের কারণে কয়েক মাস আগে কালভার্টটি ভেঙে যায়। এর পর থেকে মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগীরা বলেন, ভাঙা কালভার্টের কারণে কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।

এক টমটম চালক বলেন, "কয়েক মাস ধরে কালভার্ট ভাঙা। রাস্তা খারাপ হওয়ায় খুব কষ্ট হচ্ছে। রাস্তা ভালো হলে নির্বিঘ্নে গাড়ি চালাতে পারব।"

স্থানীয় কয়েকজন কৃষক বলেন, "এই ভাঙা কালভার্টের কারণে ধান, সবজিসহ উৎপাদিত ফসল বাজারে নিতে পারছি না। গাড়ি আসতে চায় না, আসলেও অতিরিক্ত ভাড়া দাবি করে।"

বাগানের কয়েকজন শ্রমিক বলেন, "প্রতিদিন এই ভাঙা কালভার্ট পার হয়ে বাগানে কাজে যেতে হয়। টমটম উল্টে যাওয়ার ভয় থাকে। বর্ষায় পানি জমে আরও বেশি ঝুঁকি হয়। দ্রুত মেরামত করা দরকার।"

এ বিষয়ে দ্রুত কালভার্টটি মেরামতের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চন্দনাইশ উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ বলেন, "বিষয়টি অবগত হয়েছি, অতিশীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"