দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯৪ বস্তা বিভিন্ন প্রকার রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের বর্থগ্রাম ও উত্তর কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান।
অভিযান সূত্রে জানা যায়, মো. বেলাল হোসেনের (পিতা: মো. আবেদ আলী) বাড়িতে তল্লাশি চালিয়ে টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়াসহ ৫৪ বস্তা অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, একই দিন মো. মুক্তা আলমের (পিতা: মো. নুরুল হক) বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও ১৪০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন ইউএনও।
জব্দ করা ১৪০ বস্তা সার বর্তমানে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান জানান, কৃষকদের মধ্যে সারের কৃত্রিম সংকট রোধ এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন