রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ভবনের একটি বাসায় আগুন ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডির একটি ভবনে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়।

বিকেল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অর্থাৎ খবর পাওয়ার ৪৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

এদিকে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকেও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় এবং অতিরিক্ত ইউনিটের প্রয়োজন না থাকায় সেগুলো ফিরিয়ে নেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্যও এখনো পাওয়া যায়নি।