মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এখন থেকে বাইকের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে বা আনুভূমিকভাবে লেখার অনুমতি দিতে পারবে সংস্থাটি। মোটরসাইকেলের নকশা ও কাঠামো বিবেচনায় নম্বরপ্লেটের একাধিক মাপ ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। সংশোধিত সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী, নম্বরপ্লেটের আকার ও অক্ষরের বিন্যাস নির্ধারণে বিআরটিএকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ নম্বর বিধি সংশোধনের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে। গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ১ নভেম্বর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সংশোধনীটি কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

নতুন নিয়মে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে আগের বিন্যাসের পাশাপাশি এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার সুযোগ রাখা হয়েছে। বাইকের সামনের অংশের নকশা অনুযায়ী নম্বরপ্লেটের আকার ও অক্ষরের উচ্চতা নির্ধারণ করতে পারবে বিআরটিএ। এ ছাড়া জেলা বা অঞ্চলের নাম, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষর, সংখ্যা এবং হাইফেনের অবস্থান ও মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের ক্ষমতাও সংস্থাটিকে দেওয়া হয়েছে। এক লাইনের নম্বরপ্লেটে জেলা বা অঞ্চলের নামের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ থাকবে।

সংশোধিত বিধিমালায় আরও একটি পরিবর্তন আনা হয়েছে। ৩৬ নম্বর বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। এর ফলে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের বিন্যাস ও সংযোজনসংক্রান্ত নিয়মে প্রয়োজনীয় নমনীয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যেসব বাইকের সামনের অংশে প্রচলিত আকারের নম্বরপ্লেট বসানো কঠিন, সেগুলোর ক্ষেত্রে নতুন বিন্যাস কার্যকর ভূমিকা রাখতে পারে।

এদিকে মোটরসাইকেলে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমাও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ নম্বরপ্লেট সংযোজন করা যাবে। এর আগে সময়সীমা ছিল ১৫ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে নম্বরপ্লেট লাগানো কঠিন হওয়ায় সময় বাড়ানোর উদ্যোগ নেয় বিআরটিএ। ফলে বাইকাররা আগের তুলনায় বেশি সময় পাবেন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।

সড়ক নিরাপত্তা ও যানবাহন শনাক্তকরণ সহজ করতে মোটরসাইকেলের সামনে ও পেছনে নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দেওয়া হয়েছে। পেছনে অনুমোদিত আরএফআইডি (RFID) নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা অনুসরণ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়মে নম্বরপ্লেটের বিন্যাসে নমনীয়তা আসায় বাইকারদের দীর্ঘদিনের কিছু সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।