রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ানো হয়েছে। মাত্র দুই মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ৪৭৫ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের আগের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। নতুন করে ২২৩ টাকা বাড়িয়ে তা ২ হাজার ৬০ টাকা করা হয়েছে। নতুন এই মূল্য সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। ফলে সেপ্টেম্বরের তুলনায় নভেম্বর পর্যন্ত দাম বেড়েছে মোট ৪৭৫ টাকা।
শুধু ১২ কেজি নয়, বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ২ হাজার ১৪৬ টাকা। ১৫ কেজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ২ হাজার ৫৭৫ টাকা। ১৬ কেজির দাম ২ হাজার ৭৪৭ টাকা এবং ১৮ কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০ টাকা।
এ ছাড়া ২০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির দাম ৩ হাজার ৭৭৭ টাকা এবং ২৫ কেজির দাম ৪ হাজার ২৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩০ কেজি সিলিন্ডারের নতুন দাম ৫ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ৩৩ কেজির দাম ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির দাম ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা করা হয়েছে।
বিইআরসির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ৫০ টাকা বেড়ে তা ১ হাজার ৩৫৬ টাকা হয়। মার্চে কিছুটা কমে দাম দাঁড়ায় ১ হাজার ৩৪১ টাকা। তবে এপ্রিল থেকে দাম বাড়তে শুরু করে। ওই মাসে একবারে ৩৮৭ টাকা বেড়ে সিলিন্ডারের মূল্য দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকা। মে মাসে আরও ২১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা।
এরপর জুন থেকে জুলাই পর্যন্ত দাম কমেছিল। জুনে ৫৫ টাকা কমে দাম হয় ১ হাজার ৮৮৫ টাকা। জুলাইয়ে আরও ৩৫৭ টাকা কমে তা নেমে আসে ১ হাজার ৫২৮ টাকায়। আগস্টে আবার ৭০ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৫৯৮ টাকা। সেপ্টেম্বরে ১৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৮৫ টাকা। তবে এরপর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে এলপিজির দাম। সর্বশেষ সিদ্ধান্তে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকায় পৌঁছেছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন