নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতাদের বক্তব্য
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুজ্জামান নান্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালীউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সমাজসেবক জাহিদ রব্বানি, জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, হাতে খড়ি পরিচালক মাগফিরুল ইসলাম বিদ্যুৎ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সাব্বির আহমেদসহ অন্যরা।
বক্তারা বলেন, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। অথচ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁদের অভিযোগ, কবর খননের পর তা আবার ভরাট করে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান ও অবজ্ঞার প্রকাশ।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি
সমাবেশে বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের অপমান, লাঞ্ছিত করা এবং তাঁদের মর্যাদাহানির যেকোনো ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তাঁরা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো, চড়-থাপ্পড় দেওয়া এবং দাফনে বাধা দেওয়ার মতো ঘটনা দেশের স্বাধীনতার চেতনার পরিপন্থী।
বক্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের অবদান যথাযথভাবে সম্মান করতে হবে। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ অন্যান্য বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন সমাবেশে অংশগ্রহণকারীরা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন