চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে চন্দনাইশ পৌরসভার উদ্যোগে গাছবাড়ীয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় অতিথিরা
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে ট্রাকযোগে অন্যত্র সরিয়ে নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

পরে কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোছাইন। সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. সৌমেন বড়ুয়া।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর ড. এম. এ. গফুর। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এম. এ. হাশেম রাজু।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম. এ. গফুর বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি থেকে এর উৎপত্তি। ডেঙ্গু প্রতিরোধে বসতবাড়ি, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারসহ চারপাশ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জমে থাকা পানিই ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র।

ছবির ক্যাপশন: চন্দনাইশের গাছবাড়ীয়া সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণে অংশ নেন প্রধান অতিথি প্রফেসর ড. এম. এ. গফুর, অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোছাইনসহ অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা।