ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক বিশেষ আড্ডায় নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন প্রসেনজিৎ। সেখানে অর্পিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানাতে গিয়ে অতীতের সম্পর্কগুলোর প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
প্রসেনজিতের কথায়, অর্পিতা এত বছর ধরে তাঁর সঙ্গে রয়েছেন, এ জন্য তিনি স্ত্রীকে বিশেষভাবে সম্মান করেন। নিজের জীবনযাত্রার নানা দিক সামলে তাঁর পাশে থাকা সহজ ছিল না বলেও মন্তব্য করেন অভিনেতা।
স্ত্রীকে নিয়ে প্রসেনজিৎ বলেন, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী, ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে আছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও সহ্য করেছে। আই লাভ হার অ্যান্ড আই রেসপেক্ট হার। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’
দেবশ্রী ও অপর্ণার সঙ্গে ভেঙেছিল সংসার
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথম বিয়ে করেন অভিনেত্রী দেবশ্রী রায়কে। ১৯৯২ সালে বিয়ের পর তাঁদের দাম্পত্য জীবন অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় তিন বছরের মধ্যে বিচ্ছেদ ঘটে তাঁদের।
এরপর অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা। সেই সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি। অপর্ণার সঙ্গে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে, নাম প্রেরণা। বিভিন্ন সাক্ষাৎকারে মেয়ের সঙ্গে যোগাযোগের বিষয়েও কথা বলেছেন প্রসেনজিৎ।
২০০২ সালে অর্পিতার সঙ্গে নতুন জীবন
আগের সম্পর্কগুলোর পর ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা পালের সঙ্গে বিয়ে করেন প্রসেনজিৎ। এরপর থেকে দীর্ঘ সময় ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। ব্যক্তিগত জীবনের নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যেও তাঁদের দাম্পত্য সম্পর্ক টিকে রয়েছে।
অর্পিতাকে শুধু জীবনসঙ্গী হিসেবেই নয়, একজন অভিনেত্রী হিসেবেও সম্মান করেন প্রসেনজিৎ। সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁর মন্তব্যে স্ত্রীর প্রতি ভালোবাসার পাশাপাশি দীর্ঘদিনের সম্পর্কের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ পেয়েছে।
অভিনেতার এই খোলামেলা ও রসিকতাপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করেছে। ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতার কথা হাস্যরসের সঙ্গে তুলে ধরলেও অর্পিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিষয়টি স্পষ্ট করেছেন প্রসেনজিৎ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন