দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণ রোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সার্বিক সহযোগিতা করে। কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে।

কর্মসূচিতে উপস্থাপনা করেন এসডোর কো-অর্ডিনেটর খলিলুর রহমান এবং সিনিয়র রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাসোসিয়েট ডা. ফয়জুন নাহার।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুররুল আনাম, দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক ও এসডোর লোকাল কো-অর্ডিনেটর জিনাত রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্রাঞ্চ ম্যানেজার শাহ মো. আবুসালেহ, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মিতা জাহান এবং এসডোর প্রজেক্ট অ্যাসোসিয়েট নিলুফা ইয়াসমিন।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এ থেকে উত্তরণে কাপড়ের ব্যাগ, কাচের পাত্রসহ পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
তাঁরা আরও বলেন, শুধু দুই দিনের কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাস প্লাস্টিকমুক্ত করা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হতে হবে। তরুণ প্রজন্মের সচেতনতাই পারে সমাজ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনতে।
কর্মসূচিতে প্রজেক্টরের মাধ্যমে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক বিষয় তুলে ধরা হয়। পরে বিদ্যালয়ের ছাত্রীরা ক্যাম্পাসের আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন