দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের দীঘান গ্রামের ডাঙ্গাপাড়ায় আইনি সচেতনতা ক্যাম্পেইন ও যুগল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় এলাকার প্রায় ১৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

নাগরিকতা প্রকল্পের অধীনে প্রকাশ প্রকল্পের আওতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), দিনাজপুরের আয়োজনে এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), দিনাজপুর ইউনিটের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আইনি অধিকার বিষয়ে আলোচনা করছেন বক্তারা
ক্যাম্পেইনে আইনি অধিকার ও আইনগত সচেতনতা বিষয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের স্টাফ ল’ইয়ার কোহিনুর চিশতি। সিডিসির নির্বাহী পরিচালক ও সাংবাদিক যাদব চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আইনি অধিকার ও বিভিন্ন আইনগত বিষয়ে আলোচনা করেন অ্যাডভোকেট ফারজানা ফারহিন ইতু।

এ ছাড়া প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর আইনি অধিকার নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী নারী ঐক্য মুক্তি মোর্চার সভাপতি শিউলি বারা এবং উঁরাওপাড়া মহিলা সমিতির সভাপতি শিবানি উঁরাও। মুক্ত আলোচনায় নাগরিক সমাজের নেতা জীবিত রায় সাধারণ মানুষের অধিকার ও করণীয় তুলে ধরেন।

কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন ব্লাস্টের প্যারালিগ্যাল মো. আলিফ হোসেন ও জিসান মাহমুদ এবং সিডিসির কর্মসূচি সহকারী রুমি রায় ও মো. খোরশেদ আলম।

বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া এবং মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।