দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২০ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে সবক প্রদান করা হয়েছে। একই সঙ্গে এ কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে এটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ৮টায় উপজেলার ৮ নম্বর হাবরা ইউনিয়নের উলিপুর জামে মসজিদে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জিসি মো. আনিসুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার হাফেজ মাওলানা মোঃ মশিউর ইসলাম। তিনি ২০ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে তাদের সবক প্রদান করেন।

এ সময় কেন্দ্রের শিক্ষক মাওলানা মো. মোজাম্মেল হক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের শিক্ষক মাওলানা মো. সাইফুল ইসলাম।

সবক প্রদান শেষে মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান খতিব অত্র মসজিদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি, সমাজ ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিশুদের পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই জনকল্যাণমূলক এ কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।