দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই রাতে পৃথক অভিযানে ভারতীয় মদ, নিষিদ্ধ সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির মাদকবিরোধী অভিযান
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী পঁচাপাড়া এলাকায় অভিযান চালায় কিশোরীগঞ্জ বিওপির একটি টহলদল। এ সময় মাদক সেবনরত অবস্থায় লাইচু (২৭), সাখাওয়াত (২৮), ওমর ফারুক (৩৫), মাজেদুর রহমান (৩২) ও জাফরুল ইসলাম (২৩) নামের পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের তল্লাশি করে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মালামালসহ তাদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই রাতে এনায়েতপুর, চাপসার ও চান্দেরহাট বিওপির পৃথক চোরাচালানবিরোধী অভিযানে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ৪০৮ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ এবং ৯৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৮৬ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ হুমকি। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে বিজিবির অবস্থান আপসহীন। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।