দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সেই শক্তিকে আবার ফিরে আসার সুযোগ তৈরির চেষ্টা করা হলে তা জাতির সামনে উন্মোচন করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ষড়যন্ত্রের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ভেতরে, সীমান্তের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনো ষড়যন্ত্রই বাস্তবায়িত হতে দেওয়া হবে না। শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপচেষ্টা চালানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হতে চান না এবং সক্রিয় ভূমিকা রাখতে চান। এ উদ্যোগকে তিনি স্বাগত জানান। সরকার সবসময় বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে এবং ইতোমধ্যে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছে।

সীমান্তের ওপার থেকে ইন্ধনের অভিযোগ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে নানা ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। দেশের রাজনৈতিকভাবে সচেতন মানুষ এসব তৎপরতা বুঝতে পারছেন। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাঁর দাবি, এসব তৎপরতার পেছনে সীমান্তের ওপার থেকেও ইন্ধন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বাইরে পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের কার্যক্রমের আইনগত বৈধতা কী এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছেন, এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।

বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় রীতির কারণে অনুপস্থিত ব্যক্তিদের নাম উল্লেখ না করাই স্বাভাবিক। তবে সংশ্লিষ্ট বক্তব্য, গোয়েন্দা সংস্থার টেলিফোন নম্বর থেকে পাঠানো বার্তা কিংবা বিরোধী দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে দেওয়া হুমকির তথ্য সরকারকে জানানো হলে তা তদন্ত করে দেখা হবে।

পোশাকশিল্পে অস্থিরতা তৈরির নীলনকশার দাবি

দেশের অন্যতম প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য একটি নীলনকশা করা হয়েছিল বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, দেশের ভেতরে ও বাইরে থেকে এ প্রচেষ্টায় বিনিয়োগও করা হয়েছিল। তবে সরকার সফলভাবে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বলপ্রয়োগ করেনি; বরং বিভিন্ন ঘটনায় বাহিনীর সদস্যরাই আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে সেটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করার সুযোগ পায় ফ্যাসিবাদী শক্তি। সরকার সচেতনভাবে সে সুযোগ দেয়নি।

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের কথা জানালেন মন্ত্রী

সালাহউদ্দিন আহমদ জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহের কিছু অংশ তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব এলাকায় শিল্প পুলিশ, সাধারণ পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষিত করতে শিল্পমালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। সরকারের উদ্যোগে তাঁরা সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগীদের পাশাপাশি কয়েকজন শিল্পমালিকেরও অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টায় সহযোগিতার বিষয়টি সরকার লক্ষ্য করেছে। তবে শিল্পমালিকদের আশ্বস্ত করা হয়েছে, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।

আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও শিল্পমালিকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে।

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে বক্তব্য

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে একত্র করে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলে তুলে ধরা যৌক্তিক নয়।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য একজন পালিয়ে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ এবং জনশূন্য স্থানে পরিত্যক্ত যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন তিনি। এসব ঘটনা দিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা যায় না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হত্যাকাণ্ডের সংখ্যা আগের বছরের সঙ্গে তুলনার আহ্বান

আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে আগের বছরের একই সময়ের তথ্য বিবেচনায় নেওয়া জরুরি।

পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে আগের বছরের একই সময়ের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়নি বলে দাবি করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০ কম।

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা, শিল্পের নিরাপত্তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।