সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পরও দীর্ঘদিন আত্মহত্যার ঝুঁকিতে থাকতে পারেন সাবেক সেনাসদস্যরা। যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, সাবেক সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যায় মৃত্যুর অর্ধেক ঘটনাই ঘটেছে সামরিক বাহিনী ছাড়ার ২৩ বছরেরও বেশি সময় পর। এ গবেষণা বলছে, সামরিক জীবন শেষ হওয়ার পর প্রথম কয়েক বছর নয়, বরং দীর্ঘ সময় ধরে তাঁদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন।
গবেষণাটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও মিনেসোটা অঙ্গরাজ্যের মৃত্যুর তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ম্যাসাচুসেটস এবং ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মিনেসোটার মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেন গবেষকেরা। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যসংক্রান্ত তথ্যের সঙ্গে মৃত্যুর নথি মিলিয়ে সাবেক সেনাসদস্য ও সাধারণ মানুষের মৃত্যুর ধরন তুলনা করা হয়।
সাধারণ মানুষের তুলনায় ঝুঁকি বেশি
গবেষণায় দেখা গেছে, সাধারণ মানুষের তুলনায় সাবেক সেনাসদস্যদের আত্মহত্যায় মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। দুই অঙ্গরাজ্যেই সাবেক সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যাজনিত মৃত্যুর হার বেশি পাওয়া গেছে।
গবেষকদের বিশ্লেষণে আরও দেখা যায়, সামরিক বাহিনী থেকে অবসর বা বিচ্ছেদের পর আত্মহত্যার ঘটনাগুলো অনেক বছর পরও ঘটছে। বিশেষ করে সামরিক জীবন শেষ হওয়ার দুই দশকের বেশি সময় পরও উল্লেখযোগ্যসংখ্যক সাবেক সেনাসদস্য আত্মহত্যায় মারা যাচ্ছেন।
গবেষণায় আত্মহত্যার পাশাপাশি মাদক ও অ্যালকোহল-সম্পর্কিত মৃত্যুও বিশ্লেষণ করা হয়েছে। সামগ্রিকভাবে এসব কারণে সাবেক সেনাসদস্যদের মৃত্যুর বোঝা সাধারণ মানুষের তুলনায় বেশি বলে গবেষকেরা জানিয়েছেন।
চাকরি ছাড়ার প্রথম বছরই শুধু নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি সহায়তা
গবেষকদের মতে, সামরিক বাহিনী ছাড়ার পর প্রথম বছরে সাবেক সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক জীবনে মানিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের মধ্যে মানসিক সংকট তৈরি হতে পারে।
গবেষণার প্রধান লেখক ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক কেটলিন এম হলিডে মনে করেন, সামরিক বাহিনী ছাড়ার পরপরই সহায়তা দেওয়া গুরুত্বপূর্ণ হলেও সেটি এক বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সাবেক সেনাসদস্যদের জীবনের বিভিন্ন পর্যায়ে নিয়মিত খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।
গবেষকদের মতে, সামরিক জীবনের অভিজ্ঞতা, ব্যক্তিগত পরিস্থিতি এবং সামাজিক পরিবেশের মতো বিষয়গুলো দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তবে এসব কারণের ভূমিকা আরও ভালোভাবে বুঝতে অতিরিক্ত গবেষণা প্রয়োজন।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আত্মহত্যায় মৃত্যু ৬ হাজার ৪৮৮ সাবেক সেনার
যুক্তরাষ্ট্রের প্রবীণ সেনাবিষয়ক বিভাগের (ভিএ) ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে ৬ হাজার ৪৮৮ জন সাবেক সেনাসদস্য আত্মহত্যায় মারা গেছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৭ দশমিক ৭ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আত্মহত্যায় মারা যাওয়া সাবেক সেনাসদস্যদের ৬২ শতাংশ মৃত্যুর বছর বা তার আগের বছর ভিএর স্বাস্থ্যসেবা গ্রহণ করেননি।
এ তথ্য থেকে সাবেক সেনাসদস্যদের কাছে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে যারা নিয়মিত সরকারি স্বাস্থ্যসেবার আওতায় নেই, তাঁদের কাছে সহায়তা পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও সাত অঙ্গরাজ্যে গবেষণা সম্প্রসারণ
গবেষকেরা জানিয়েছেন, ম্যাসাচুসেটস ও মিনেসোটার তথ্য বিশ্লেষণের পর এখন আরও সাতটি অঙ্গরাজ্যে গবেষণাটি সম্প্রসারণের কাজ চলছে। এর মাধ্যমে সাবেক সেনাসদস্যদের আত্মহত্যা ও অন্যান্য মৃত্যুর ঝুঁকি সম্পর্কে আরও বিস্তৃত ধারণা পাওয়ার আশা করছেন তাঁরা।
গবেষকদের মতে, শুধু বিশেষ দিবস বা সামরিক বাহিনী ছাড়ার পরপরই নয়, সাবেক সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্যের খোঁজখবর রাখতে হবে সারা বছর। দীর্ঘমেয়াদি সহায়তা, স্বাস্থ্যসেবার সুযোগ এবং সামাজিক যোগাযোগ বজায় রাখার মাধ্যমে তাঁদের পাশে থাকা জরুরি।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে American Journal of Epidemiology সাময়িকীতে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন