চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) জেলার বিভিন্ন থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় তিনজন, মতলব দক্ষিণ থানায় দুজন, মতলব উত্তর থানায় ছয়জন, হাজীগঞ্জ থানায় দুজন, শাহরাস্তি থানায় তিনজন এবং কচুয়া থানায় একজন রয়েছেন।

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিভিন্ন মামলায় চাঁদপুর সদর মডেল থানায় নয়জন, হাইমচর থানায় একজন এবং ফরিদগঞ্জ থানায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১০ জন, হাইমচর থানায় দুজন, ফরিদগঞ্জ থানায় তিনজন এবং শাহরাস্তি থানায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আটক ১৫ কিশোরকে পরিবারের জিম্মায় হস্তান্তর

একই অভিযানে জেলার চারটি থানা এলাকায় ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় তিনজন, ফরিদগঞ্জ থানায় পাঁচজন, হাজীগঞ্জ থানায় দুজন এবং কচুয়া থানায় পাঁচজন রয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।