কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যক্তির বাড়ির সামনে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। লাল রঙের পৃথক দুটি শপিং ব্যাগে কাফনের কাপড়, সাবান, আগরবাতি ও গোলাপজল পাওয়া গেছে। চিরকুটে ১০ থেকে ১২ দিনের মধ্যে বিপদের মুখে পড়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিট থেকে বুধবার রাত ৩টার মধ্যে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। যাদের বাড়ির সামনে ব্যাগ দুটি পাওয়া গেছে, তারা হলেন মো. মনিরুজ্জামান মনি (৪০) ও মো. বাচ্চু মালিথা (৩০)।

ভুক্তভোগীদের অভিযোগ, বুধবার ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে তারা নিজেদের বাড়ির সামনে লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে এর ভেতরে কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী এবং একটি চিরকুট পান।

চিরকুটে লেখা ছিল, ‘ভালো মন্দ খেয়ে নিয়েন, ১০-১২ দিনের মধ্যে আপনাদের কপালে দুঃখ আছে।’ এমন বার্তা পাওয়ার পর নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই ব্যক্তি। ঘটনার আইনগত নথি রাখতে তারা দৌলতপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ দুটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে এসব সামগ্রী ও হুমকির চিরকুট রাখা হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশি তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।