বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে তাদের অবস্থানের কারণে মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। পরে তারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের প্রধান দাবি বেতন-ভাতা বৃদ্ধি। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগতদের হামলার শিকার হচ্ছেন বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা।

অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। দুই পাশের গাড়ি আটকে পড়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় মহাসড়কের আশপাশের কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।