কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।

পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নুসরাত এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও দলটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

এ ধরনের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে জামায়াত আমির বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান আরও বলেন, সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে এর জন্য উচ্চমূল্যে খেসারত দিতে হবে। এমন ঘটনার পর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।